সাগরে পারমাণবিক সক্ষম সামরিক ঘাঁটি নির্মাণে চীন, উপগ্রহচিত্রে মিলেছে প্রমাণ

সাগরে পারমাণবিক সক্ষম সামরিক ঘাঁটি নির্মাণে চীন, উপগ্রহচিত্রে মিলেছে প্রমাণ
নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৫

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপে ব্যাপক সামরিক স্থাপনা গড়ে তুলেছে চীন, যেখানে পারমাণবিক বোমারু বিমান মোতায়েনের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।

সংশ্লিষ্ট চিত্র ও বিশ্লেষণ প্রকাশ করেছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (AMTI)। চিত্র অনুযায়ী, ‘মিসচিফ রিফ’ নামের কৃত্রিম দ্বীপটিতে দেখা গেছে—বিস্তৃত রানওয়ে, ক্ষেপণাস্ত্র স্টোরেজ, রাডার সিস্টেম, বিমান হ্যাঙ্গার, ও নৌঘাঁটি সুবিধা। বিশ্লেষকদের মতে, এটি একটি “সম্পূর্ণ সামরিক শহর” হিসেবে কাজ করতে সক্ষম।

AMTI পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেন,
“চীন এখানে শুধু সামরিক উপস্থিতি গড়েনি, বরং এটি পুরোপুরি একটি স্ট্র্যাটেজিক ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এতে আছে ৭২টিরও বেশি যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও জাহাজ বিধ্বংসী অস্ত্র।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, চীন ইতোমধ্যেই স্প্রাটলি দ্বীপপুঞ্জে চারটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি অবস্থান নিয়ন্ত্রণে রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, চীনের এই কার্যকলাপ দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ আরও ত্বরান্বিত করবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি হতে পারে।

স্কারবোরো শোয়াল নামক প্রবাল প্রাচীর এলাকাতেও চীনের কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও, এখনো সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হয়নি।

এই প্রতিবেদন প্রকাশের পর এখনো চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।