মালয়েশিয়ায় পড়াশোনা শেষে এক বছরের কর্মসুযোগ, তালিকায় নেই বাংলাদেশ

মালয়েশিয়ায় পড়াশোনা শেষে এক বছরের কর্মসুযোগ, তালিকায় নেই বাংলাদেশ
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক নতুন কর্মসংস্থান ভিসা চালু করেছে মালয়েশিয়া, যার নাম ‘গ্র্যাজুয়েট পাস’। এই নতুন কর্মভিসার আওতায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা এক বছরের জন্য দেশটিতে কাজ করার সুযোগ পাবেন, তাও কোনো নিয়োগদাতার স্পনসর ছাড়াই।

তবে আশ্চর্যের বিষয়, এই সুযোগ ৩২টি দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলেও বাংলাদেশ সেখানে নেই।

মালয়েশিয়ার শিক্ষা সংস্থা এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (EMGS) এর তথ্য অনুযায়ী, এটি মূলত একটি সোশ্যাল ভিজিট পাস, যার মেয়াদ এককালীন ১২ মাস। ভিসাধারীরা নির্দিষ্ট কিছু খাতে কাজ করতে পারবেন, বিশেষ করে প্রযুক্তিনির্ভর ও বিশেষায়িত শিল্পখাতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই কর্মভিসার জন্য যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের অবশ্যই:

  1. মালয়েশিয়ার স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি অর্জন করতে হবে,

  2. ‘লেটার অব কমপ্লিশন’ বা ডিগ্রি সমাপ্তির সনদ জমা দিতে হবে,

  3. আবেদনকালে বৈধ স্টুডেন্ট ভিসা থাকতে হবে।

অতিরিক্তভাবে থাকতে হবে:

  1. কমপক্ষে ১৮ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট,

  2. স্বাস্থ্য বীমা,

  3. একজন মালয়েশিয়ান জামিনদার, যিনি মাসে ন্যূনতম ১,৫০০ রিঙ্গিত আয় করেন।

আবেদনকারী যদি কোনো ফৌজদারি মামলায় জড়িত থাকেন, তাহলে এই ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

এই কর্মভিসার আওতায় শিক্ষার্থীরা যেসব খাতে কাজ করতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে:

  1. তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট

  2. ইঞ্জিনিয়ারিং ও গবেষণা

  3. ফাইন্যান্স ও ইসলামিক ব্যাংকিং

  4. সাইবার সিকিউরিটি

  5. বায়োটেকনোলজি

  6. ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা

  7. নবায়নযোগ্য জ্বালানি

  8. ডিজিটাল মার্কেটিং

  9. লজিস্টিকস ও মাইক্রোচিপ প্রযুক্তি

  10. মাইনিং ও ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া

EMGS এবং মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এই কর্মভিসার সুযোগ পাচ্ছেন ৩২টি দেশের শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে:

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ।

ভারত ও চীন এই সুবিধা ভোগ করতে পারবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, বিশেষ বিবেচনায়।

শুধু শিক্ষার্থী নয়, তাদের স্বামী/স্ত্রী/সন্তানদের জন্যও থাকছে ‘ডিপেন্ডেন্ট গ্র্যাজুয়েট পাস’ নামে মাল্টিপল এন্ট্রি ভিসা, যার মাধ্যমে তারা মালয়েশিয়ায় একাধিকবার আসা-যাওয়ার সুযোগ পাবেন এক বছরের মেয়াদে।

এতোসব ইতিবাচক দিক থাকা সত্ত্বেও, এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বহু শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক ছাত্রবাজার হওয়া সত্ত্বেও এমন সিদ্ধান্ত উদ্বেগজনক।