এই প্রথম তার বিষয়ে শুনলাম—বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী সম্পর্কে মাস্ক

এই প্রথম তার বিষয়ে শুনলাম—বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী সম্পর্কে মাস্ক
নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৫

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর প্রতিভা কাইরান কাজী। মাত্র ১৬ বছর বয়সে প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি জানালেন, নতুন চ্যালেঞ্জ নিতে নিউইয়র্কভিত্তিক সিটাডেল সিকিউরিটিজে যোগ দিচ্ছেন।

তবে বিষয়টি চমক হিসেবে এসেছে স্পেসএক্স মালিক ইলন মাস্কের কাছেও। কাইরানের পদত্যাগের খবর প্রকাশের পর শনিবার এক্স (সাবেক টুইটার)–এ এক মন্তব্যে মাস্ক বলেন, “এই প্রথম আমি তার ব্যাপারে শুনছি।”

মাত্র ১৪ বছর বয়সে কাইরান স্পেসএক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। স্টারলিঙ্ক প্রকল্পে তিনি স্যাটেলাইট ইন্টারনেটের নির্ভুলতা বৃদ্ধিতে কাজ করেন। স্পেসএক্সে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান বয়স নয়, দক্ষতা দেখে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুই বছর পর, তিনি কোয়ান্ট ফাইন্যান্স খাতে নিজেকে পরবর্তী পর্যায়ে নিতে চাচ্ছেন বলে জানান।

বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইরান বলেন, “কোয়ান্ট ফাইন্যান্স এমন একটি ক্ষেত্র, যেখানে আমি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল ও দ্রুতগামী সমস্যা নিয়ে কাজ করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো, এর ফলাফল আমি দিন শেষে দেখতে পারবো, মাস বা বছরের পরে নয়।”

কাইরান কাজী ১৪ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ১৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গ্র্যাজুয়েট।

২০২৩ সালে বয়সজনিত কারণে কাইরানের লিংকডইন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তখন তিনি ইনস্টাগ্রামে কটাক্ষ করে লিখেছিলেন, “বয়স ও অচেতন পক্ষপাতদুষ্টতা দিয়ে মানুষকে আটকে রাখা হয়।”