বন্যার পূর্বাভাস: পাকিস্তানকে সতর্ক করলো ভারত
ভারতের তরফ থেকে পাকিস্তানকে সম্ভাব্য বড় ধরনের বন্যা সম্পর্কে সতর্ক করা হয়েছে। বিশেষ করে জম্মুর তাওই নদীতে হঠাৎ পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানায়।
সিন্ধু পানিচুক্তির আওতায় নয়াদিল্লি ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানায়। যদিও কয়েক মাস আগেই ভারত এই চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল, তারপরও চুক্তির মানবিক দিক বিবেচনায় পাকিস্তানকে সময়মতো সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ।
ভারত সরকারের সূত্র অনুযায়ী, ২৪ আগস্ট সকাল ১০টায় পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশন ইসলামাবাদকে প্রাথমিক সতর্কবার্তা পাঠায়। এতে বলা হয়, তাওই নদীতে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, যা পাকিস্তানের নিম্নাঞ্চলে প্রভাব ফেলতে পারে।
চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। সেইসঙ্গে পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় এবং আত্তারি-ওয়াঘা সীমান্ত অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এমনকি সার্ক ভিসা অব্যাহতি স্কিমও বাতিল করে ভারত।
তবে এবার চুক্তি স্থগিতের অবস্থান থেকে সরে এসে মানবিকতার জায়গা থেকে বন্যা সতর্কতা দিয়েছে দেশটি।
পাকিস্তান ২০১৬ সাল থেকে ভারতের বিরুদ্ধে সিন্ধু নদীর পশ্চিমাংশে অবৈধ বাঁধ নির্মাণের অভিযোগ করে আসছে। তখন থেকে দুই দেশই সালিশি আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করে। এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
দুই দেশের সম্পর্ক যতই উত্তপ্ত হোক না কেন, পরিবেশবিদরা মনে করেন, নদী এবং জলসম্পদ নিয়ে সংঘাত ভবিষ্যতে দুই প্রতিবেশী দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সিন্ধু, চেনাব, ঝেলাম—এই তিনটি প্রধান নদী দুই দেশেই কোটি মানুষের জীবন-জীবিকার উৎস।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে পানি ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় দুই দেশের সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।


