পশ্চিমবঙ্গে নিজ বাড়িতে কলেজছাত্রীকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গে নিজ বাড়িতে কলেজছাত্রীকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
২৬ আগস্ট ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে এক কলেজছাত্রীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করার ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত শিক্ষার্থীর নাম ঈশিতা মল্লিক, বয়স ১৯ বছর। তিনি কৃষ্ণনগরেরই একটি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঈশিতা তার নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় এক যুবক হঠাৎ বাড়িতে ঢুকে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় ঈশিতাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম দেবরাজ সিং (২৪)। তিনি ঈশিতার পূর্বপরিচিত ছিলেন এবং উভয়ের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সম্প্রতি ঈশিতা ওই সম্পর্ক থেকে সরে আসতে চাইলে ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে সন্দেহ তদন্ত কর্মকর্তাদের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঈশিতার মা জানান, ঘটনার সময় তিনি ছোট ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। ফিরে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং অভিযুক্তকে পালিয়ে যেতে দেখেন। তিনি আরও জানান, আততায়ী তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নদীয়া জেলা পুলিশ ঘটনার পরই উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছে এবং দেবরাজ সিংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। তার খোঁজে তল্লাশি চলছে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় কৃষ্ণনগর ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। সমাজকর্মীরা বলছেন, ঘনিষ্ঠ সম্পর্ক বা প্রত্যাখ্যানের জেরে নারীদের প্রতি সহিংসতা ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা।