ফেড গভর্নরকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের, বন্ধকী জালিয়াতির অভিযোগ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে বন্ধকী সম্পত্তির চুক্তিতে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সোমবার ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ফেডারেল রিজার্ভের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক গভর্নরকে সরাসরি প্রেসিডেন্টের আদেশে অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
চিঠিতে বলা হয়েছে, কুক একটি বন্ধকী চুক্তিতে মিথ্যা বিবৃতি দিয়েছেন, যার পক্ষে ‘বিশ্বাস করার যথেষ্ট কারণ’ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প।
লিসা কুক ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে ফেড বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেন। তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান নারী যিনি বোর্ড অব গভর্নরসে নিয়োগ পান। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার অপসারণের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন ট্রাম্প ও তার প্রশাসন ফেডের ওপর একাধিকবার সুদের হার কমানোর জন্য চাপ প্রয়োগ করে আসছিল। বিশেষ করে চেয়ারম্যান জেরোম পাওয়েলকে লক্ষ্য করে ট্রাম্প বেশ কয়েকবার প্রকাশ্যে সমালোচনা ও বরখাস্তের হুমকি দেন।
এখনো পর্যন্ত লিসা কুক কিংবা ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে।


