বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে গুলি করে উদযাপন, বরের মৃত্যু
নিউজ ডেস্ক
২৭ আগস্ট ২০২৫

তুরস্কের উত্তরে এক বিয়ের উৎসব পরিণত হয়েছে এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। নবদম্পতির আনন্দযাত্রা শেষ না হতেই বরের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো অনুষ্ঠান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, উদযাপনের সময় ছোড়া গুলিতে ২৩ বছর বয়সী বর আলি নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে যখন বর ও কনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরছিলেন। অভিযোগ উঠেছে, কনের এক আত্মীয়—৪৭ বছর বয়সী এক নারী—বৈধ লাইসেন্স ছাড়াই গুলি ছুঁড়েন। ওই নারীকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তার বাড়ির বাগান থেকে উদ্ধার করা হয়েছে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র।

স্থানীয় প্রসিকিউটরদের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। এখনো স্পষ্ট নয়, গুলিটি দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোড়া হয়েছিল। তবে বরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তুরস্কের গ্রামীণ এলাকাগুলোতে, বিশেষ করে কৃষ্ণসাগর উপকূলে, বিয়ে ও অন্যান্য উৎসবে গুলি ছোড়া একটি অপ্রয়োজনীয় কিন্তু প্রচলিত প্রথা। প্রায়ই এই অনভিপ্রেত আনন্দঘন গুলিবর্ষণ প্রাণঘাতী হয়ে ওঠে।

মাত্র এক সপ্তাহ আগেই, উত্তর-পূর্বাঞ্চলীয় ট্রাবজোনে বিয়ের ঠিক আগ মুহূর্তে ছোড়া গুলিতে একজন নিহত ও দুজন আহত হন। সেই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

এই ঘটনায় তুরস্কে বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের বিপজ্জনক প্রবণতা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সরকারের কাছে অবৈধ অস্ত্র রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একটি আনন্দঘন বিয়ের দিন পরিণত হলো শোকাবহ স্মৃতিতে। নতুন করে তুরস্কে গুলিবর্ষণ নিষিদ্ধে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তা আবারও সামনে উঠে এসেছে।