গাজায় ‘বন্ধুসুলভ গুলিতে’ নিহত ৯০০তম ইসরায়েলি সেনা

গাজায় ‘বন্ধুসুলভ গুলিতে’ নিহত ৯০০তম ইসরায়েলি সেনা
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েলি বাহিনীর আরও এক সদস্য নিহত হয়েছেন। নিহত সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) এরিয়েল লুবলিনার (৩৪) চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯০০তম ইসরায়েলি সেনা যিনি প্রাণ হারালেন।

শনিবার (৩০ আগস্ট) গাজার খান ইউনিস এলাকায় এক অভিযানের সময় তিনি নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ এবং ভ্রান্তির গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আইডিএফ-এর বিবৃতিতে জানানো হয়েছে, নিহত লুবলিনার সম্ভবত নিজের সহযোদ্ধার ছোড়া গুলিতেই নিহত হন। যদিও পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লুবলিনার ছিলেন উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা। তিনি প্রায় এক দশক আগে ব্রাজিল থেকে ইসরায়েলে অভিবাসন করেন। তার স্ত্রী বারবারা স্পেন থেকে অভিবাসী হয়ে এসেছেন। তাদের নয় মাস বয়সী একমাত্র পুত্র লিওরকে রেখে তিনি বিদায় নিলেন।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাস থেকে রিজার্ভ ডিউটিতে থাকা লুবলিনারের ছুটি শুরু হওয়ার কথা ছিল শিগগিরই। পরিবার নিয়ে ব্রাজিলে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু এর আগেই প্রাণ হারাতে হলো এই রিজার্ভ সেনাকে।

এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সাঁজোয়া যানসহ ৭ জন ইসরায়েলি সেনা আহত হন। বিস্ফোরণের সময় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িটি ওই রাস্তা দিয়ে চলাচল করছিল।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও, বাকিদের আঘাত ততটা গুরুতর নয় বলে আইডিএফ সূত্র জানিয়েছে। এর মধ্যে ৫ জন সেনাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।