ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার সকালে দেশটির বিচার বিভাগ জানায়, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি কার্যকর করা হয়েছে।

ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম মিজান অনলাইন এক প্রতিবেদনে জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম বাবাক শাহবাজি। যদিও তার গ্রেফতারের তারিখ প্রকাশ করা হয়নি, তবে জানানো হয়েছে, তিনি “পৃথিবীতে অনাচার সৃষ্টি” এবং “ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ” — এই দুটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বাবাক শাহবাজি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন। এর বিনিময়ে তিনি অর্থ ও বিদেশে নিরাপদ বসবাসের প্রতিশ্রুতি পান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরান বলছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে দেশটি “জাতীয় নিরাপত্তা লঙ্ঘনকারী অপরাধীদের” বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি কার্যকরের নীতি গ্রহণ করেছে।

এর আগে গত আগস্টে, ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের তথ্য ফাঁসের অভিযোগে রুজবেহ ভাদি নামের এক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি একটি পারমাণবিক সংস্থার সহপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তাছাড়া জুলাইয়ের শেষ দিকে, ইরানি গোয়েন্দা সংস্থা জানায়, তারা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ২০ জন গুপ্তচর ও সহায়তাকারীকে গ্রেফতার করেছে। তাদের অনেকেই রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে সক্রিয় ছিলেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক সংস্থার তথ্যমতে, চীনের পর ইরানই বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। দেশটিতে রাজনৈতিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট মামলায় মৃত্যুদণ্ডের হার তুলনামূলকভাবে অনেক বেশি।