গাজা যুদ্ধ বন্ধে চূড়ান্ত নিশ্চয়তা চায় হামাস, শারম আল শেখে দ্বিতীয় দিনের আলোচনায় উত্তেজনা
গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতে চায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। মঙ্গলবার (৭ অক্টোবর) মিসরের শারম আল শেখ শহরে ইসরাইল ও হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিনে এই দাবি তোলে সংগঠনটি।
আলোচনায় মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। আজ বুধবার (৮ অক্টোবর) তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীও অংশ নেবেন বলে জানানো হয়েছে।
হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হায়া আল-কাহেরা নিউজকে বলেন, “আমরা দখলদার ইসরাইলের কোনো প্রতিশ্রুতিতে এক সেকেন্ডের জন্যও আস্থা রাখতে পারি না। যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় – এর জন্য আমরা আন্তর্জাতিক নিশ্চয়তা চাই।”
জানা গেছে, আলোচনায় ইসরাইলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। হামাস প্রতিনিধিদের দাবি, জিম্মিমুক্তির শেষ পর্যায়ের আগেই গাজা থেকে ইসরাইলি বাহিনীকে চূড়ান্তভাবে সরিয়ে নিতে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, “জিম্মিরা মুক্তি পাওয়ার পর ইসরাইল গাজায় আর হামলা চালাবে না।” তবে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে তেমন কোনো নিশ্চয়তার ইঙ্গিত মেলেনি।
তিনি ৭ অক্টোবরের হামাস আক্রমণের বার্ষিকীতে দেওয়া বিবৃতিতে বলেন, “এই যুদ্ধ ইসরাইলের অস্তিত্ব এবং ভবিষ্যতের জন্য। আমাদের লক্ষ্য– সকল জিম্মিকে ফিরিয়ে আনা, হামাসের শাসনের অবসান এবং গাজার হুমকি চিরতরে দূর করা।”
বিশ্লেষকরা বলছেন, হামাসের দাবিগুলোর সঙ্গে ইসরাইলের বর্তমান অবস্থানের বড় ধরনের বিরোধ রয়েছে, ফলে আলোচনার গতি কতটা ইতিবাচক হবে তা এখনো অনিশ্চিত।
সূত্র: আল জাজিরা


