ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অবস্থিত পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণ চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। ফিলিস্তিন প্রশ্নে মতবিরোধের জেরে কয়েকজন সংসদ সদস্য প্রতিবাদ করলে ভাষণ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) এক বিরোধীদলীয় সংসদ সদস্য হঠাৎ দাঁড়িয়ে “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন” লেখা একটি পোস্টার উঁচিয়ে ধরেন। এতে সভাকক্ষে বিশৃঙ্খলা দেখা দিলে ট্রাম্প তার বক্তব্য থামিয়ে দেন।
নেসেট স্পিকার আমির ওহানা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবাদকারী সংসদ সদস্যদের সংসদ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। উপস্থিত সাংবাদিকরা জানায়, অন্তত দুজন সংসদ সদস্যকে বের করে দেওয়া হয়, যদিও তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বামপন্থী রাজনীতিবিদ ওফার কাসিফ প্রতিবাদকারীদের একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই ট্রাম্প সংক্ষিপ্ত বিরতি নিয়ে হালকা হাস্যরসে বলেন, “ওটা বেশ কার্যকর একটা ব্যবস্থা ছিল।” এরপর তিনি ভাষণ পুনরায় শুরু করেন।
তিনি বলেন, “আমরা আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। মধ্যপ্রাচ্য শান্তির পথে এগোচ্ছে, এই অঞ্চলের স্বর্ণযুগ শুরু হয়েছে।”
ট্রাম্প তার বক্তব্যে হামাস ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রশংসা করেন এবং বলেন, এর ফলে ২০ জন জিম্মি মুক্তি পেয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক অগ্রগতি।
তিনি বলেন, “দুই বছরের বন্দিদশা শেষে সাহসী ইসরায়েলি নাগরিকরা আবার তাদের পরিবারের কাছে ফিরেছে। বন্দুক এখন নীরব, আমরা শান্তির সম্ভাবনায় বুক বেঁধেছি।”
ভাষণের এক পর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি একজন সাহসী নেতা, যিনি সংকটের মধ্যেও স্থির থেকে সিদ্ধান্ত নিয়েছেন।” এই সময় নেসেট সদস্যরা “বিবি! বিবি!” স্লোগানে সাড়া দেন।


