যুক্তরাষ্ট্রের চাপে আবার গাজা সীমান্ত খুলছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের চাপে আবার গাজা সীমান্ত খুলছে ইসরায়েল
নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের পর গাজা সীমান্ত দিয়ে মানবিক ত্রাণ সহায়তা ফের চালু করতে সম্মত হয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) ইসরায়েল সরকার তাদের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ত্রাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়।

এর আগে, রাফাহ সীমান্তবর্তী এলাকায় হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর, ইসরায়েল সব ধরনের সহায়তা এবং সীমান্ত চলাচল বন্ধ ঘোষণা করে। দেশটি হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে।

তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনের সক্রিয় মধ্যস্থতায় ইসরায়েল এই সিদ্ধান্তে পরিবর্তন আনে। ফলে ২০ অক্টোবর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলা হয়, তারা আবারও শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির নিয়ম মেনে চলা শুরু করেছে।

এদিকে, ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, একই দিনে ইসরায়েলি বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পূর্ব গাজা, খান ইউনিস এবং নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার খবর পাওয়া গেছে। বিশেষ করে নুসেইরাতের আল-মাহকামা সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হামাস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সংগঠনটি জানিয়েছে, বন্দি বিনিময়ের শর্ত ভঙ্গ করা হয়েছে, ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করা হয়েছে এবং আটক বন্দিদের হত্যার পর মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

হামাস আরও জানায়, তাদের শীর্ষ নেতা খালিল আল-হাইয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল কায়রোতে পৌঁছেছে। সেখানে তারা যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

সূত্র: শাফাক নিউজ