ডায়াবেটিস বা স্থূলতা থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে

ডায়াবেটিস বা স্থূলতা থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে
নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৫

ডায়াবেটিস, স্থূলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের (ইমিগ্রান্ট ভিসা) আবেদন বাতিল হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এক নির্দেশনায় ভিসা প্রক্রিয়ায় স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের কাছে পাঠানো এক গোপন নির্দেশনায় বলা হয়, নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা বা বয়সজনিত কারণে ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা থাকলে, সেই আবেদনকারীদের ‘সরকারের বোঝা’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ফলে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, শ্বাসযন্ত্রের সমস্যা, মানসিক বা স্নায়বিক রোগসহ স্থূলতাকে উচ্চ ব্যয়সম্পন্ন রোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীর পাশাপাশি তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও বয়সও বিবেচনায় নেওয়া হবে। সন্তান বা প্রবীণ অভিভাবকের যত্নের কারণে আবেদনকারী কাজ করতে পারবেন কি না, তাও মূল্যায়নের অংশ হবে।

ভিসা অফিসারদের এখন থেকে আবেদনকারীর চিকিৎসা ব্যয় বহনের সক্ষমতা যাচাই করতে হবে। পর্যাপ্ত আর্থিক সামর্থ্য না থাকলে ভিসা প্রত্যাখ্যানের সুযোগ থাকবে।

এই নীতির ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগ্রহী অসংখ্য প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত আবেদনকারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন,

“ভিসা অফিসাররা চিকিৎসক নন, তাদের এই বিষয়ে অভিজ্ঞতাও নেই। এখন তাদেরকে অনুমান করতে বলা হচ্ছে— একজনের ভবিষ্যৎ চিকিৎসা ব্যয় কত হতে পারে। এটি উদ্বেগজনক।”

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপটি তার দীর্ঘদিনের অভিবাসন-বিরোধী নীতিরই সম্প্রসারণ, যা স্বাস্থ্যভিত্তিক বৈষম্যের নতুন উদাহরণ তৈরি করছে।