মক্কা–মদিনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যু
সৌদি আরবে মক্কা থেকে মদিনায় যাত্রাপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা মহাসড়কের মুহরাস (বা মুফরিহাত) এলাকায় একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। সৌদিসূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মৃতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছেন।
তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন বেঁচে যাওয়া একাধিক সহযাত্রী। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বেশিরভাগ যাত্রী প্রাণ হারান।
মুহরাস অঞ্চল থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। দুর্ঘটনার পর সৌদি পুলিশ, সিভিল ডিফেন্স এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। রাজ্য প্রশাসনকে নিহতদের পরিচয় শনাক্তকরণ, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজ্য সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করছে। প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন।
নিহতদের খবর পৌঁছালে তেলেঙ্গানাজুড়ে শোকের ছায়া নেমে আসে। আন্তর্জাতিক অঙ্গনে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।


