লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩
নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলার খবর নিশ্চিত করেছে আল জাজিরা।

অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এক শিশু এবং আল জাজিরার একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরও একজন গাড়ি চাপা ও ছুরিকাঘাতে নিহত হয়েছেন, তিনজন আহত হয়েছে।

গত দুই বছর ধরে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি আক্রমণে অন্তত ৬৯,৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,৭০,৭০৬ জন আহত হয়েছে। মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ইসরায়েলি কারাগারে অন্তত ৯৪ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। তারা এই মৃত্যু ঘটনাগুলোকে “পদ্ধতিগত হত্যার চেষ্টার অংশ” হিসেবে উল্লেখ করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর কারণের মধ্যে রয়েছে শারীরিক নির্যাতন, প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়া অথবা উভয়ের সংমিশ্রণ। অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা বন্দিদের প্রয়োজনীয় সেবা দিচ্ছে এবং আইন অনুযায়ী তাদের পরিচালনা করছে।

৭ অক্টোবর ২০২৩-এর হামলার পর থেকে গাজা ও পশ্চিম তীর জুড়ে হাজারো ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। অনেককেই অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে এবং ইসরায়েল আন্তর্জাতিক রেড ক্রসকে বন্দিদের তথ্য সরবরাহ বন্ধ করেছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নিয়মিত বন্দি মৃত্যুর ঘটনা ও হামলার তীব্রতা অঞ্চলের স্থায়ী উত্তেজনার সূচনা করতে পারে।