ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ। চলতি বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, এবং শিগগিরই দণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই কর্তৃপক্ষ তাকে আটক করে।
শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনার পর তাদের অনুরোধেই বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়।
সিএনএনকে দেওয়া একটি সূত্র জানিয়েছে, বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারের নেতৃত্বে সাবেক প্রেসিডেন্টের বাসার সামনে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশের পরই তার বিরুদ্ধে প্রতিরোধমূলক পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়।
২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে হারের পর বলসোনারো ক্ষমতায় থাকার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই অভ্যুত্থান চেষ্টার মামলায় ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চের চারজন তার বিরুদ্ধে রায় দেন।
তার বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়, সংগঠনের মাধ্যমে তিনি জোরপূর্বক দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন।
২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি স্থাপনায় হামলার পর এই অভিযোগ আরও জোরালো হয়।
তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন বলসোনারো। তিনি দাবি করছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযুক্ত করা হয়েছে।


