ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইছে পরিবার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে, যা দেশটির রাজনীতিকে আরও উত্তপ্ত করছে। তবে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান আদিয়ালা কারাগারে জীবিত আছেন এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল।
পরিবার অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। খানের ছেলে কাশিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাকে কয়েক সপ্তাহ ধরে বাবাকে একা থাকতে বাধ্য করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রাখা হচ্ছে।”
কাশিম আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি গোপন করার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বিদেশি সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাঁর বাবার জীবিত থাকার প্রমাণ, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাতের অনুমতি এবং ‘অমানবিক’ বিচ্ছিন্নতা বন্ধের দাবি জানান।
পিটিআই নেতারা গুজবকে অস্বীকার করলেও অনলাইন প্ল্যাটফর্মে তথ্যের অভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। জেল কর্তৃপক্ষ জানায়, ইমরান খান সম্পূর্ণ নিরাপদ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ খানও জানিয়েছেন, “ইমরান খানের স্বাস্থ্য ভালো, চিকিৎসকরা নিয়মিত নজর রাখছেন।”
২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবন্দি রয়েছেন। পিটিআই অভিযোগ করছে, এসব মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুজব থামাতে সরকারের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও স্বচ্ছ তথ্যপ্রাপ্তি জরুরি বলে মনে করা হচ্ছে।


