বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করে এবার নিজেই ঘুমিয়ে গেলেন ট্রাম্প

বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করে এবার নিজেই ঘুমিয়ে গেলেন ট্রাম্প
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিকেই বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। বয়স ও সক্ষমতা নিয়ে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়মিত সমালোচনা করা ট্রাম্প নিজেই এবার একই অভিযোগের মুখে। ক্যাবিনেট বৈঠকের সময় বসে বসে ঢুলতে থাকা ট্রাম্পের একটি ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যায়—বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কথা বলছেন, আর তার পাশেই ট্রাম্প বারবার চোখ বুজে ঢুলছেন। কয়েকবার চোখ খোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুরোপুরি চোখ বন্ধ করে ফেলতে দেখা যায় ৭৯ বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে।

ট্রাম্পের ক্লান্তির কারণ নিয়ে নানা আলোচনা চলছে। জানা গেছে, নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ তিনি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ১৬০টিরও বেশি পোস্ট করেছেন। এমনকি পরদিন ভোর ৫টা ৪৮ মিনিটেও তাকে পোস্ট দিতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে, অনিয়মিত রুটিন ও অতিরিক্ত অনলাইন সক্রিয়তাই এই ক্লান্তির কারণ হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে হোয়াইট হাউস ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন এবং দীর্ঘ তিন ঘণ্টার ক্যাবিনেট বৈঠক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।”

এটাই প্রথম নয়। গত বছর নিউ ইয়র্কে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলার শুনানিতেও ট্রাম্পকে ঢুলতে দেখা গেছে বলে আদালতকক্ষে উপস্থিত কয়েকজন জানিয়েছিলেন। যদিও ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়ে বলেছিলেন—“আমি শুধু মনোযোগ দিয়ে শুনছিলাম, তাই চোখ বন্ধ ছিল। এটি ঘুম নয়।”

জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে উপহাস করা ট্রাম্প এবার নিজেই একই অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম, সমালোচনা ও প্রশ্নের ঝড় থামছেই না।

হোয়াইট হাউসের ব্যাখ্যা দিয়ে বিতর্ক কমানোর চেষ্টা করা হলেও ট্রাম্পের শারীরিক সক্ষমতা ও বয়সজনিত ফ্যাক্টর নিয়ে আলাপ আরও জোরালো হচ্ছে।