চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চীনের ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (CENC) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছের আকচি কাউন্টি, এবং এর উৎপত্তি ভূগর্ভে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।
ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ৩টা ৪৪ মিনিটে অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কিরগিজস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতেও ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর আকচি কাউন্টির সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে, এবং এখনও কোনো ভবন ধসে পড়ার ঘটনা ঘটেনি।
CENC-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারিত হয়েছে।


