মেসি ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জী
Messi
শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম) জমে উঠেছিল হাজার হাজার ফুটবলপ্রেমীর উপস্থিতিতে, যেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তবে ভিআইপিদের সঙ্গে অসুবিধাজনক বসার ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
মাঠে মেসি উপস্থিত থাকলেও ভক্তরা তাকে দেখতে না পারায় ধীরে ধীরে অবস্থা হাতের বাইরে চলে যায়। মাত্র ২৩ মিনিট থাকার পর মেসি নিরাপত্তার কারণে স্টেডিয়াম ত্যাগ করেন। মেসি চলে যাওয়ার পর ভক্তরা চেয়ার ভাঙচুর, পানির বোতল ছোড়া এবং সোফায় আগুন ধরানোর মতো হাঙ্গামা শুরু করে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভানো হয়। হাঙ্গামা থামাতে পুলিশ লাঠিচার্জের আশ্রয় নেয়।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে মেসি এবং দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। দুর্ভাগ্যজনক ঘটনায় আমি লিওনেল মেসি ও সকল ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে সুপারিশ দেবে।
পুলিশ জানায়, এই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে আটক করা হয়েছে।


