সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা আসাম মুখ্যমন্ত্রীর

সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকিতে কড়া বার্তা আসাম মুখ্যমন্ত্রীর
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য ও সিকিমকে বিচ্ছিন্ন করার সাম্প্রতিক হুমকিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য ভারত কখনোই মেনে নেবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশি নেতারা যদি ভারতের অখণ্ডতা নিয়ে হুমকি দিতে থাকেন, তবে দিল্লি আর নীরব থাকবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করার আহ্বান এক ধরনের ‘খারাপ মানসিকতার’ প্রতিফলন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন, গত এক বছর ধরে বাংলাদেশে এ ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এমন কিছু কল্পনাও করতে পারে না। ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের বিরুদ্ধে এমন বক্তব্য দিলে তার জবাব দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা উচিত। তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের আশ্রয় দিতে থাকে, তাহলে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে পারে।

এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, এ ধরনের বক্তব্য নতুন নয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে উল্লেখ করে মন্তব্য করেছিলেন, যা ভারতীয় মহলে আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানায়, এসব মন্তব্যের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর—যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত—নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের নিজেদের দুটি সংবেদনশীল করিডোরের কথা ভাবা উচিত। তিনি উল্লেখ করেন, এর একটি দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত এবং অন্যটি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত চট্টগ্রাম করিডোর।