বাংলাদেশের সাথে সরাসরি আলোচনা করবেন ভারতীয় কর্মকর্তারা: শশী থারুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে ঘিরে দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল বিভিন্ন স্থানে ক্ষুব্ধ জনতা বিক্ষোভে নামে, একাধিক সংবাদমাধ্যমের ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের একটি বড় অংশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও স্লোগান দেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস দলের সংসদ সদস্য এবং দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন।
শশী থারুর বলেন, সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কারণে ভারতের দুটি ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা দুঃখজনক। এতে বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক অনেক নাগরিক আগের মতো সহজে ভিসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। এই পরিস্থিতি ভারত সরকারের জন্যও বিব্রতকর হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানান থারুর।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আমরা যেমন আমাদের জায়গায় আছি, তেমনি তারাও তাদের জায়গায় আছে—এই বাস্তবতা মেনে নিয়েই একসঙ্গে কাজ করতে হবে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে শশী থারুর বলেন, ঢাকায় অবস্থানরত ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাবেন এবং পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাবেন।


