সংবাদ সম্মেলনে প্রেমের কথা স্বীকার করলেন পুতিন

সংবাদ সম্মেলনে প্রেমের কথা স্বীকার করলেন পুতিন
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনে রাজনৈতিক ইস্যুর পাশাপাশি উঠে এলো প্রেম ও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ। সম্মেলনে অংশ নেওয়া এক তরুণ সাংবাদিকের ব্যতিক্রমী উদ্যোগ মুহূর্তেই সবার নজর কাড়ে।

‘আমি বিয়ে করতে চাই’—এমন লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বসেছিলেন সাংবাদিক কিরিল বাঝানোভ। বিষয়টি নজরে আসতেই মুচকি হেসে তাকে কথা বলার সুযোগ দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় পুতিন বলেন, প্ল্যাকার্ডটি এড়িয়ে যাওয়ার মতো নয় এবং সাংবাদিকটি সম্ভবত অন্যদের চেয়ে ভিন্ন কিছু বলতে চাচ্ছেন।

পরিস্থিতি আরও প্রাণবন্ত করতে কিরিলের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার সুরে পুতিন মন্তব্য করেন, তিনি যেন বিয়ের রেজিস্ট্রি অফিসে যাওয়ার জন্যই প্রস্তুত হয়ে এসেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরপর সরাসরি লাইভ সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরিল বাঝানোভ। তিনি জানান, তার প্রেমিকা অনুষ্ঠানটি দেখছেন এবং তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন—তিনি কি তাকে বিয়ে করতে রাজি আছেন?

এ সময় কিরিল নিজের সম্ভাব্য বিয়ের অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিনকেও আমন্ত্রণ জানান। উত্তরে পুতিন বিষয়টি হাস্যরসের সঙ্গে গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে উপস্থাপক জানান, কিরিলের প্রেমিকা বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন—এতে পুরো হলজুড়ে হাসি ও করতালির সৃষ্টি হয়।

রাজনৈতিক আলোচনার পাশাপাশি ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুতিন জানান, তিনি প্রথম দেখায় প্রেমে পড়ার ধারণায় বিশ্বাস করেন। এক সাংবাদিকের সরাসরি প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে তিনি প্রেম করছেন, যদিও এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

বার্ষিক এই সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের মতো গুরুতর বিষয়গুলোর পাশাপাশি এমন হালকা ও মানবিক মুহূর্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।