সন্ত্রাসী হুমকির অভিযোগে টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী আটক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি নথির বরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম মনোজ সাই লেল্লা (২২)। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের সিনিয়র শিক্ষার্থী। ফ্রিস্কো পুলিশ গত সোমবার (২২ ডিসেম্বর) তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত একটি ঘটনার কথা জানিয়ে এবং হুমকির অভিযোগ তুলে জরুরি ফোন করার পর পুলিশ লেল্লার বাসায় যায়। কর্তৃপক্ষের দাবি, কয়েক দিন আগে তিনি নিজের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন।
মনোজ সাই লেল্লার বিরুদ্ধে ‘বাসস্থান বা উপাসনালয়ে ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ’-এর অভিযোগ আনা হয়েছে, যা টেক্সাস আইনে প্রথম-ডিগ্রির গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এ ছাড়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তাকে ক্লাস ‘এ’ মিসডিমিনার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, কোনো উপাসনালয়কে লক্ষ্য করে হুমকি দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নথি অনুযায়ী, অগ্নিসংযোগ মামলায় তার জামিন নির্ধারণ করা হয়েছে ১ লাখ মার্কিন ডলার এবং সন্ত্রাসী হুমকির অভিযোগে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার।


