খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ইসহাক দার আগামীকাল বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপি সাত দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করেছে।

সূত্রে বলা হয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন। চিকিৎসার সুযোগও যথাযথভাবে দেওয়া হয়নি। ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন এবং পরবর্তী ৩৫ দিনের আন্দোলনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মুক্তি দেন। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান, ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফিরে আসেন। যদিও স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছিল, তবুও নানা রোগের জটিলতা ও বয়সজনিত দুর্বলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ২৩ নভেম্বর তাকে পুনরায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।