সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণে ৪০ জন নিহত
সুইজারল্যান্ডের জনপ্রিয় ও অভিজাত স্কি রিসোর্ট ক্রাঁ-মন্তানায় নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওই রিসোর্টে অবস্থিত ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে আগুন লাগে। শুরুতে বিস্ফোরণের সন্দেহ করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা নয়; বরং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সময় বারে উপস্থিত থাকা দুই ফরাসি নাগরিক এমা ও আলবান স্থানীয় গণমাধ্যমকে জানান, বারের নিচতলায় কাঠের ছাদের কাছ থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ছাদে ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে তারা একটি সরু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে বেরিয়ে যেতে সক্ষম হলেও অনেকেই আটকা পড়েন।
ইতালির সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়ান লরেঞ্জো করনাদো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারের ভেতরে আতশবাজি ফোটানোর সময় আগুন ধরে যেতে পারে। তিনি বলেন, নিখোঁজ স্বজনদের খোঁজে ঘটনাস্থলে বহু ইতালীয় নাগরিক ভিড় করছেন, যদিও হতাহতদের মধ্যে কতজন ইতালীয় রয়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। বারের সামনে সাদা পর্দা টাঙিয়ে ফরেনসিক তল্লাশি শুরু করা হয়েছে। ভ্যালাই ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্তেফান গাঞ্জার বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হন।
পুলিশ প্রধান ফ্রেদেরিক গিসলার জানান, আহতদের সিওঁ, লোজান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। গুরুতরভাবে দগ্ধ হওয়ায় অনেক মরদেহ শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে।
এদিকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইস পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন। স্থানীয় কৌঁসুলি বিআত্রিস পিলু বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং এ মুহূর্তে এটিকে নিছক অগ্নিকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।


