যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ
নিউজ ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কারাকাসে অবস্থানরত আলজাজিরার এক প্রতিবেদক জানান, ভোরের দিকে শহরের আকাশে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছু এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। একই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, ভোররাতে কারাকাসজুড়ে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রাজধানীতে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় নিচু উচ্চতায় উড়তে থাকা কয়েকটি বিমানও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদন অনুযায়ী, কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির আশপাশে ঘটনার পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের উৎস কিংবা এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা আবারও আলোচনায় এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর হুমকি দেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটন একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ ছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। মাদক পাচার দমনের অজুহাতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৎপরতার কথাও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে।

কারাকাসে বিস্ফোরণের এই ঘটনা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।