পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান খানের দলের কর্মীদের সংঘর্ষ
করাচির নুমাইশ চৌরঙ্গি ও বাগে-ই-জিন্নাহ এলাকায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জনসমাবেশের আগে সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে ৩০-এর বেশি কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের বিবরণ অনুযায়ী, গ্রেফতারকৃতদের একটি বন্দিবাহী গাড়িতে স্থানান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাগে-ই-জিন্নাহর কাছে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি থামিয়ে পাথর ছুড়ছে। উত্তেজনা ছড়িয়ে পড়ে মাজার-ই-কায়েদ ভিআইপি গেট এলাকাতেও, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির খবর পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, পাথর নিক্ষেপে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সিন্ধু সরকার থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর পিটিআই আজ সন্ধ্যায় বাগে-ই-জিন্নাহতে শক্তি প্রদর্শনের সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তার চলমান তিন দিনের সিন্ধু সফরের সময় এই জনসমাবেশের ঘোষণা দিয়েছিলেন। সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, সমাবেশের জন্য নির্দিষ্ট শর্ত পালন করা আবশ্যক, যেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে আয়োজকদের ওপর। তিনি আরও জানান, দেশবিরোধী বক্তব্য, উসকানিমূলক ভাষা বা সাম্প্রদায়িক মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ।
পিটিআই-এর মুখপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আফ্রিদি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা, সিন্ধু সভাপতি হালিম আদিল শেখসহ অন্যান্য শীর্ষ নেতা। সমাবেশটি করাচির বিভিন্ন সড়ক পেরিয়ে বাগে-ই-জিন্নাহ মাঠে শেষ হবে।
সূত্র: জিও নিউজ


