সামরিক জ্যামিংয়ের মাধ্যমে ইরানে স্টারলিংক ইন্টারনেট কার্যত বন্ধ
বিশ্বে প্রথমবারের মতো মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবাকে কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক পর্যায়ের জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ ব্যাহত করার এই ঘটনাকে প্রযুক্তি ও নিরাপত্তা বিশ্লেষকেরা নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখছেন।
ইরান ওয়্যারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ভেতরে থাকা কয়েক হাজার স্টারলিংক রিসিভার বর্তমানে গুরুতর সংযোগ সমস্যার মুখে পড়েছে। শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশে ব্যাঘাত ঘটলেও অল্প সময়ের মধ্যেই তা বেড়ে ৮০ শতাংশের বেশি হয়ে যায়।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা অবৈধ হিসেবে বিবেচিত।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্টারলিংক রিসিভার সঠিকভাবে কাজ করতে জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল। টাইমস অব ইসরাইল জানায়, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর থেকেই ইরান নিয়মিতভাবে জিপিএস সিগন্যাল জ্যাম করছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সংযোগে ভিন্ন মাত্রার প্রভাব পড়েছে— কোথাও সীমিত সংযোগ থাকলেও কোথাও সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে।
এদিকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকার প্রেক্ষাপটে দ্রুত সেবা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তিনি জানান, ইন্টারনেট পুনরুদ্ধারে সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি দূতাবাস, সরকারি মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে ডিজিটাল যোগাযোগ পুনঃস্থাপন করা হবে।
উল্লেখ্য, চলমান সরকারবিরোধী আন্দোলন দমনের অংশ হিসেবে গত চার দিন ধরে ইরানে সম্পূর্ণভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও চরম মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।


