হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন বুকের ওপর বসে আছে ৮ ফুটের অজগর
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে বুকে ভারী কিছু অনুভব করেন এক নারী। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো তার পোষা কুকুরই তার ওপর শুয়ে আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি—কারণ সেটি কুকুর নয়, বরং প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন শহরে। ভুক্তভোগী র্যাচেল ব্লু জানান, গত সোমবার গভীর রাতে ঘুমের মধ্যে পেট ও বুকের ওপর চাপ অনুভব করেন। হাত বাড়িয়ে স্পর্শ করতেই বুঝতে পারেন, তার ওপর বসে আছে একটি বড় সাপ। পরে নিশ্চিত হন, সেটি প্রায় ২ দশমিক ৫ মিটার দীর্ঘ একটি অজগর।
আতঙ্কিত র্যাচেল সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকেন। আলো জ্বালানোর পর স্বামী তাকে একেবারেই নড়াচড়া না করার পরামর্শ দেন। প্রথমেই ঘর থেকে পোষা কুকুরগুলো বের করে নিতে বলেন তিনি, যাতে কোনো হঠাৎ পরিস্থিতি তৈরি না হয়। এরপর ধীরে ধীরে নিজেকে সামলে চাদরের নিচ দিয়ে পাশ ঘেঁষে সরে যান র্যাচেল।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, পেশাদার সাপ ধরার কর্মীর সাহায্য না নিয়ে নিজেই জানালা খুলে অজগরটিকে বাইরে বের করে দেন তিনি। তার ধারণা, জানালার প্ল্যানটেশন শাটারের ফাঁক দিয়ে সাপটি ঢুকে দ্বিতীয় তলার শোবার ঘরে উঠে আসে।
র্যাচেল বলেন, সাপটি এতটাই বড় ছিল যে তার শরীরের ওপর পেঁচিয়ে থাকলেও লেজের একটি অংশ জানালার বাইরে ঝুলে ছিল। তবে সাপটি তখন শান্ত ছিল এবং আক্রমণাত্মক কোনো আচরণ করেনি।
কার্পেট পাইথন নামে পরিচিত এই অজগরটি বিষধর নয় এবং সাধারণত অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে দেখা যায়। র্যাচেল মজার ছলে বলেন, সাপের চেয়ে ব্যাঙ দেখলে তিনি বেশি ভয় পেতেন।
এদিকে সাপ ধরার কর্মী কার্ট হোয়াইট জানান, প্রজনন মৌসুম শেষে ডিম ফোটার সময় হওয়ায় এ সময় সাপের চলাচল স্বাভাবিকভাবেই বেড়ে যায়। গরম আবহাওয়াও তাদের সক্রিয় হওয়ার একটি কারণ। তবে তার মতে, সাপের সংখ্যা বাড়েনি; বরং বনাঞ্চল কমে যাওয়ায় আবাসিক এলাকাতেই তাদের বেশি দেখা যাচ্ছে।


