ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে কর্তৃপক্ষ তল্লাশি চালাচ্ছে।
মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি যোগিয়াকার্তা শহর থেকে মাকাসারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এয়ার ক্রু ও যাত্রী মিলিয়ে উড়োজাহাজে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে তিনজন যাত্রী এবং আটজন ক্রু।
স্থানীয় সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উড়োজাহাজটির শেষ অবস্থান মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির পার্বত্য অঞ্চলে ধরা পড়েছে। এ কারণে সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
স্থল ও আকাশপথে অভিযান পরিচালনা করছে বিমান বাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা। এছাড়াও উদ্ধার কার্যক্রমে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানান মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আন্দি সুলতান।
উদ্ধার অভিযান চলছে, তবে এখনো কোনো আরোহীর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।


