ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে দায়ী করলেন সর্বোচ্চ নেতা খামেনি
ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট শক্তিগুলো দায়ী বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
খামেনি বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তির সরাসরি সম্পৃক্ততা ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো ইচ্ছাকৃতভাবে সহিংসতা উসকে দিয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, “এই শক্তিগুলোর কারণে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।”
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দেন খামেনি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক রাষ্ট্রদ্রোহমূলক তৎপরতায় ট্রাম্প সরাসরি জড়িত ছিলেন, যা আগের ঘটনাগুলোর তুলনায় ভিন্ন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশটি যুদ্ধ চায় না কিংবা সীমান্তের বাইরে সংঘাত ছড়াতে আগ্রহী নয়। তবে দেশীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ইরান সরকার এখনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, বিক্ষোভে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইরানি কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন।
বিশ্লেষকদের মতে, খামেনির বক্তব্যে প্রথমবারের মতো নিহতের সংখ্যা ‘হাজারের ঘরে’ উল্লেখ করা হলো, যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবির সঙ্গে আংশিকভাবে সামঞ্জস্যপূর্ণ।


