ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে নারী সহযাত্রীর প্রতি আপত্তিকর আচরণের অভিযোগে ভারতীয় নাগরিক বরুণ অরোরা (৩৮)–কে গ্রেপ্তার করে আদালত দোষী সাব্যস্ত করেছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ আগস্ট রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ফ্লাইট অবতরণের কিছুক্ষণ আগে পাশের নারী যাত্রী ঘুম ভেঙে দেখতে পান, বরুণ অরোরা ঘুমের ভান করে বারবার তার শরীরে অবাঞ্ছিত স্পর্শ করছেন। তিনি চোখে ‘স্লিপিং মাস্ক’ পরে থাকলেও নারী যাত্রী একাধিকবার হাত সরিয়ে দিলেও অভিযুক্ত তার আচরণ বন্ধ করেননি।
ঘটনার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও ওয়াশিংটন ফিল্ড অফিস যৌথভাবে তদন্ত শুরু করে। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা ও সহকারী অ্যাটর্নি রাসেল এল. কার্লবার্গ।
তদন্তে আরও জানা যায়, বরুণ অরোরা বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। চলতি বছরের ২৯ জানুয়ারি তাকে অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ৭ মে ফেডারেল জেলা আদালতে তার সাজা ঘোষণা করা হবে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিমানে যাত্রীদের নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত নভেম্বরে যুক্তরাজ্যে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১২ বছর বয়সী কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে আরেক ভারতীয় নাগরিক জাভেদ ইনামদারকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এই ধরনের ঘটনাগুলো আন্তর্জাতিক যাত্রাপথে যাত্রী নিরাপত্তা ও শূন্য সহনশীলতার প্রশ্নকে নতুন করে সামনে এনেছে।


