তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীর না আসার ইঙ্গিত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীর না আসার ইঙ্গিত
নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

তবে কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অনুষ্ঠানে সম্ভবত যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খবরে বলা হয়েছে, একই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক থাকায় ঢাকায় আসতে পারছেন না মোদী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভারতীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত হলেও সময়সূচির কারণে তিনি বাংলাদেশ সফরে যেতে পারছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাক্রোঁ ১৬–১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে মোদীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরে দুই নেতা নয়াদিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ অংশ নেবেন। এই সফরটি হবে মোদীর আমন্ত্রণে ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর।

বাংলাদেশের শপথ অনুষ্ঠানে মোদীর অনুপস্থিতি কূটনৈতিকভাবে কী বার্তা বহন করে—তা নিয়ে এখন আলোচনায় রাজনৈতিক ও কূটনৈতিক মহল।