দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন সংস্থা নাবু।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিডাস’ নামে পরিচিত একটি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে গালুশচেঙ্কোর বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, তিনি নিজের প্রভাব খাটিয়ে জ্বালানি খাতে নির্দিষ্ট এক ব্যবসায়ীকে বিনিয়োগের সুযোগ করে দেন। পাশাপাশি রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদন ও পারমাণবিক খাত সংশ্লিষ্ট চুক্তিতে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান এনার্জোঅ্যাটম–এর ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তাধীন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গালুশচেঙ্কো ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রীদের একজন। অভিযোগ ওঠার পর গত নভেম্বরে তিনি পদত্যাগ করেন।

একই বছরে সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো সহ আরও কয়েকজন উচ্চপর্যায়ের রাজনীতিকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে।

দুর্নীতি ইস্যু দীর্ঘদিন ধরেই ইউক্রেনের প্রশাসনিক সংস্কারের বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ পেতে দেশটির সংস্কার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।