ইসরায়েলি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড
ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারীসহ দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ওডিশার এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মল্লেশ, সাই ও শরণাপ্পা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গঙ্গাবতী-তে বসা কোপ্পাল জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত জানান, হত্যার অপরাধে দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যা কর্ণাটক হাইকোর্ট-এর অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। পাশাপাশি গণধর্ষণের অপরাধে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যাচেষ্টার মামলায়ও দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। গুরুতর আঘাতের মাধ্যমে ধর্ষণের অপরাধে স্বাভাবিক জীবনের শেষ পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছেন, সব দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
জানা গেছে, গত বছর সানাপুর এলাকায় তুঙ্গভদ্রা খাল-এর পাশে এ ঘটনা ঘটে। দুই নারীসহ কয়েকজন পর্যটক সেখানে রাতের আকাশ দেখছিলেন, এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে ওডিশার এক পর্যটক নিহত হন।
ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
সূত্র: জেরুজালেম পোস্ট


