তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরিফ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে। শুভেচ্ছাবার্তায় তিনি তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর পাঠানো একটি ব্যক্তিগত চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন ওম বিরলা। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এক্সে জানান, নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো চিঠিতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি সুবিধাজনক সময়ে পরিবারসহ ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ওম বিরলা বলেন, ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাসনির্ভর; কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে তা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একইভাবে, বাংলাদেশ-ভারত সম্পর্কও বহুমাত্রিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে।