নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করতে বলল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন নাগরিকদের আপাতত ইসরায়েলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যতদিন বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে, ততদিনের মধ্যে দেশ ছাড়ার পরিকল্পনা করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, যারা ইসরায়েল ত্যাগ করতে চান তারা যেন বিলম্ব না করেন। ইমেইলে তিনি উল্লেখ করেন, যেকোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে তা কেটে দ্রুত দেশত্যাগ করতে।
যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করার শর্ত দিয়েছে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার কথাও বলা হয়েছে। ওয়াশিংটনের দাবি, নতুন কোনো চুক্তি হলে তার মেয়াদ হবে অনির্দিষ্টকাল।
অন্যদিকে তেহরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার প্রস্তাবে অনড় রয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


