তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। অভিযানের অন্যতম লক্ষ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি— এমন দাবিও উঠে এসেছে।
শনিবার সকাল ৯টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। তেহরানে যে এলাকায় আঘাত হানা হয়েছে, সেটি খামেনির দপ্তরের কাছাকাছি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তবে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ৮৬ বছর বয়সী খামেনি বর্তমানে তেহরানে অবস্থান করছেন না। তাকে আগেই রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়। সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় জেনেভায়, তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই তা শেষ হয়। বৈঠক শেষে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনার ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।
তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের বৈঠক শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে সামরিক অভিযান শুরু হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় পরবর্তী প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।


