বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংয়ের হানডা ইন্ডাস্ট্রিজ

জাতীয়
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংয়ের হানডা ইন্ডাস্ট্রিজ
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলারের প্রাথমিক পরিকল্পনা করেছিল প্রতিষ্ঠানটি। তবে বিডা, বেজা ও বেপজার সহযোগিতায় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৫০ মিলিয়নে উন্নীত করা হয়।

হানডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং কারখানা। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হান চুন বলেন, “আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে টেক্সটাইল শিল্পে একটি মানদণ্ড তৈরি করতে চাই।” তিনি জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারা চুক্তি হচ্ছে। দ্বিতীয় ধাপে আরও জমি ও সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হানডার বিনিয়োগ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের বস্ত্রখাতে আপনি নেতৃত্ব দিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও এই সম্ভাবনাময় বাজারে আসতে উৎসাহিত করুন।”

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, “এটি বাংলাদেশের টেক্সটাইল খাতে অন্যতম বৃহৎ চীনা একক বিনিয়োগ।”