স্বৈরতান্ত্রিক চক্রান্ত এখনো সক্রিয় : প্রধান উপদেষ্টা

জাতীয়
স্বৈরতান্ত্রিক চক্রান্ত এখনো সক্রিয় : প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ঐতিহাসিক মোড় পরিবর্তনের দিন হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এক বছর আগে আজকের দিনে দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণ নিজের হাতে রাষ্ট্রের কর্তৃত্ব ফিরিয়ে নেয়। সাহসী নাগরিকদের ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের এই অর্জনের ভিত্তি।”

বিজ্ঞপ্তিতে ড. ইউনূস শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি শ্রদ্ধা জানাই সেই সব তরুণ, শ্রমজীবী ও পেশাজীবীদের, যারা জীবন উৎসর্গ করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ রচনা করেছেন। আহত ও পঙ্গু হয়ে যাওয়া যোদ্ধারাও জাতির অবিচ্ছেদ্য অংশ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রাষ্ট্রযন্ত্রে প্রয়োজনীয় সংস্কার চালু হয়েছে। জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান, এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে।

“শুধু ক্ষমতা পরিবর্তন নয়, আমরা দুর্নীতি ও বৈষম্যহীন একটি টেকসই রাজনৈতিক কাঠামো গঠনের পথে এগোচ্ছি,”—যোগ করেন প্রধান উপদেষ্টা।

তিনি সকল রাজনৈতিক দল ও নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “স্বৈরতান্ত্রিক চক্রান্ত এখনো সক্রিয়। আমাদের অঙ্গীকার থাকবে, যেন আর কখনো কোনো স্বৈরাচার রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে।”