রাষ্ট্রপতির বাণী: ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতার জবাব’

জাতীয়
রাষ্ট্রপতির বাণী: ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতার জবাব’
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে একটি ‘ফ্যাসিবাদবিরোধী গণজাগরণ’ আখ্যায়িত করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, এটি ছিল জনগণের অধিকার আদায়ের সংগ্রাম।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতির দেওয়া বাণীতে তিনি বলেন, “দীর্ঘ বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, গুম-খুনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই অভ্যুত্থান একটি অবশ্যম্ভাবী বিস্ফোরণ ছিল।”

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, এই অভ্যুত্থান কেবল অতীতের অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে ছিল না, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পথে একটি দৃপ্ত পদক্ষেপ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রপতি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট জনতার সম্মিলিত শক্তির কাছে পরাজিত হয় ফ্যাসিবাদী অপশাসন। এই দিন স্মরণ করিয়ে দেয়, মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপস চলে না।”

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সাহসী শহীদ ও আহতরা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্র তাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাষ্ট্রপতি জানান, অভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে, তা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে। “একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য।”

তিনি ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ, শোষণমুক্ত বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদদের স্মরণে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি সব কর্মসূচির সফলতা কামনা করেন।