রাজধানীর হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জাতীয়
রাজধানীর হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেলের বারান্দা থেকে মো. আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে হোটেল আর-ইসলামের ৫ম তলার বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের বলেন, ‌“৩ আগস্ট ওই ব্যক্তি হোটেলের ৪০২ নম্বর কক্ষে উঠেছিলেন। হোটেলের কর্মীরা বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত আলমগীর খান শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশরশি গ্রামের বাসিন্দা। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।

হোটেল সূত্রে জানা গেছে, আলমগীর খান বেশ কয়েকবার তাদের হোটেলে অবস্থান করেছেন। হোটেলের কর্মীদের দাবি, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং কোনো স্বজন তার সঙ্গে ছিলেন না।

মালিবাগ এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পুলিশ বলছে, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।