নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

জাতীয়
নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনারের কাছে পাঠানো একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠান মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

চিঠিতে বলা হয়, “জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা যেসব অঙ্গীকার করেছেন, তার ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচনের আয়োজন জরুরি। সেই লক্ষ্যে অবিলম্বে প্রস্তুতি শুরু করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হচ্ছে।”

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, আসন্ন রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে এবং এর জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় চিঠি দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের জন্য এবারের নির্বাচন যেন একটি ‘মহাআনন্দের ভোট উৎসব’ হয়ে ওঠে, সেজন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, একটি অংশগ্রহণমূলক, সহনশীল ও উদ্‌যাপনমূলক নির্বাচনী পরিবেশ গঠনে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।