নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ সবাই কাঠগড়ায় দাঁড়াবো— স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকসহ সবাই কাঠগড়ায় দাঁড়াবো— স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

“আমি এমন একটা নির্বাচন চাই, যাতে আপনারা প্রশংসা করেন,” — বলেন উপদেষ্টা।
তিনি আরও যোগ করেন, “নির্বাচন সুষ্ঠু না হলে সাংবাদিকরাও দায় এড়াতে পারবেন না। আমরা সবাই তখন কাঠগড়ায় থাকব।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর মোবিলিটি বাড়ানো হয়েছে এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বডি ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মানুষ এখনো নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দ্বিধায় থাকলেও, পুলিশ ভয় পাচ্ছে না,” বলেন তিনি।
তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, “ভোট তো তাদেরই অধিকার।”

এবারের নির্বাচনে বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায়। উপদেষ্টা জানান, প্রত্যেক প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে।

এর পাশাপাশি, প্রতিটি কেন্দ্রে আগের চেয়ে বেশি সংখ্যক সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনার কথাও জানান তিনি। র‌্যাব, পুলিশ এবং সেনাবাহিনীও নিজ নিজ পরিসরে প্রস্তুত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়ভাবে আশ্বাস দিয়ে বলেন, “নির্বাচন ঘিরে কোনো অরাজক পরিস্থিতি হবে না।”
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দল — সকলের সমন্বিত প্রচেষ্টাতেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।