বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ, সহযোগিতার নতুন দিগন্তের আশা
বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন। গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস এই তথ্য নিশ্চিত করে।
পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত লোটজ ও রাষ্ট্রপতির মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উভয় পক্ষ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
ড. রুডিগার লোটজ বলেন, “বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এই বন্ধন আরও দৃঢ় করতে একসঙ্গে কাজ করবো।”
জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে তৈরি পোশাক খাত, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি স্থানান্তর ও কারিগরি সহায়তায় দেশটির সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


