আগস্ট-সেপ্টেম্বরে বড় বন্যার আশঙ্কা
আগামী আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে বাংলাদেশে একটি বড় আকারের বর্ষাকালীন বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
আজ সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, চলতি বছরের আগস্টের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী জেলাগুলোর ওপর দিয়ে ব্যাপক বন্যা বয়ে যেতে পারে।
মোস্তফা কামাল পলাশ জানান, ২০২০ সালের পর বাংলাদেশে এখনো প্রকৃত অর্থে দেশব্যাপী বড় কোনো বর্ষাকালীন বন্যা হয়নি। তবে ২০২৫ সালে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদী অববাহিকার অন্তত ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, ২০২২ সালে সিলেট ও ২০২৪ সালে চট্টগ্রামে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ফ্লাশ ফ্লাড। কিন্তু এবার যে বন্যার আশঙ্কা করা হচ্ছে, তা হবে বর্ষাকালের স্বাভাবিক বড় বন্যা, যা ভারতের গঙ্গা অববাহিকার পানি বাংলাদেশের নদীগুলোতে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করতে পারে।
পোস্টের শেষভাগে তিনি লেখেন,
“আমি মনেপ্রাণে চাইবো, আমার পূর্বাভাসটি ভুল প্রমাণিত হোক এবং বাংলাদেশের মানুষ কোনো বড় মানের বন্যার সম্মুখীন না হোক।”
বাংলাদেশে বর্ষাকালে নিয়মিত বন্যা হয়ে থাকে, তবে বড় আকারের দেশব্যাপী বন্যা সবসময় হয় না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব ঘটনাকে ঘিরে আগাম প্রস্তুতি ও সতর্কতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


