‘না’ ভোট ফিরল, বাতিল ইভিএম—জাতীয় নির্বাচনে বড় পরিবর্তনের ঘোষণা ইসির

জাতীয়
‘না’ ভোট ফিরল, বাতিল ইভিএম—জাতীয় নির্বাচনে বড় পরিবর্তনের ঘোষণা ইসির
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সকল বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সানাউল্লাহ বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। অর্থাৎ জাতীয় নির্বাচনে আর ইভিএমে ভোট হবে না। ব্যালটেই ভোট গ্রহণ করা হবে।”

এছাড়া ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন, তবে মাঝপথে বের হওয়া যাবে না বলেও জানান তিনি।

২০০৮ সালের পর এই প্রথম জাতীয় নির্বাচনে ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। অর্থাৎ ভোটার চাইলে নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট না দিয়ে সরাসরি ‘না’ ভোট দিতে পারবেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডকে নিয়োজিত করার বিধান পুনর্বহাল করা হয়েছে। কমিশনের মতে,

“নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।”

প্রার্থীদের হলফনামায় যদি মিথ্যা তথ্য পাওয়া যায়, এমনকি নির্বাচিত হওয়ার পরেও, নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে পারবে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বিস্তৃত করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তি আরো কঠোর করা হয়েছে। তবে শাস্তির ধরন বা মেয়াদ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কমিশনার।


বিশেষজ্ঞরা বলছেন, ইভিএম বাতিল ও ‘না’ ভোট পুনর্বহাল—এই দুটি সিদ্ধান্ত আগামী নির্বাচনে ভোটার আস্থার জন্য বড় ধাপ হতে পারে।