বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মানে আগের ফ্যাসিবাদে ফিরে যাওয়া: ড.ইউনূস

জাতীয়
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মানে আগের ফ্যাসিবাদে ফিরে যাওয়া: ড.ইউনূস
নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থা ছিল ‘জালিয়াতিপূর্ণ’ এবং তার সরকার সেই ব্যবস্থা ভেঙে নতুন করে গড়ার কাজ করছে।

ড. ইউনূস বলেন, “সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি ধাপে আমরা এগোচ্ছি। আগে নির্বাচন দিয়ে শুরু করলে আমরা পুরোনো সমস্যায় ফিরে যেতাম।”

সিএনএ: আপনি এটাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইউনূস: হ্যাঁ, অবশ্যই।

সাক্ষাৎকারে ড. ইউনূস দেশের আগের রাজনৈতিক বাস্তবতাকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, তখন অবস্থা ছিল যেন রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত কোনো দেশ। ফ্যাসিস্ট শাসনের কারণে অর্থনীতি ও সমাজব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল।”

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “আমরা কখনো বলিনি ভারতকে দূরে রাখতে চাই। আমরা নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স—সাতটি রাজ্যকে একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি। আমরা একই বন্দর, একই সাগর ভাগ করে নিতে পারি।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে ড. ইউনূস বলেন, “তাঁর হাতে রাস্তায় মানুষ খুন হয়েছে। যদি আরও শক্তিশালী কোনো শব্দ থাকত ‘দানব’ ছাড়াও, আমি সেটাই ব্যবহার করতাম।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে অস্থিরতা তৈরির সুযোগ তাঁকে দেওয়া উচিত নয়। বিচারই তাঁর ভাগ্য নির্ধারণ করবে।”

চূড়ান্ত নির্বাচনের বিষয়ে ড. ইউনূস বলেন, “নির্বাচন দিয়ে শুরু করলে আমরা বিচারের সুযোগ হারাব। যারা জনগণের ওপর অন্যায় করেছে, তাদের বিচার না করে নির্বাচন করলেই তারা আবার ক্ষমতায় ফিরবে।”

সরকার গঠনের প্রাথমিক অনীহার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, “আমি তৃতীয় দিন রাজি হই, যখন ছাত্ররা এসে বলে—আমরা রক্ত দিয়েছি, আপনি দূরে থেকে জীবন উপভোগ করছেন। তখন বুঝি, দায়িত্ব না নিয়ে উপায় নেই।”