রূপসায় কৃষি ব্যাংক লুট: জিজ্ঞাসাবাদে তিন প্রহরী, তদন্তে গঠিত বিশেষ কমিটি

জাতীয়
রূপসায় কৃষি ব্যাংক লুট: জিজ্ঞাসাবাদে তিন প্রহরী, তদন্তে গঠিত বিশেষ কমিটি
নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৫

খুলনার রূপসা ঘাটে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা থেকে প্রায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তদন্ত জোরদার করেছে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। এখনো কেউ গ্রেপ্তার না হলেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে শাখার তিন নিরাপত্তা প্রহরীকে।

গত শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকা ব্যাংক শাখার ছয়টি তালা ভেঙে ঢুকে ভল্ট থেকে টাকা নিয়ে যায়। ঘটনার পরদিন শনিবার ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলাম রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ব্যাংকের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একটি ভিডিও ফুটেজে এক ব্যক্তিকে দেখা গেলেও মুখে কাপড় বাঁধা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রূপসা থানার ওসি শেখ মো. আবু হেনা মিলন জানান, “তদন্ত অব্যাহত আছে। সন্দেহভাজন হিসেবে তিন নিরাপত্তা কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাংক চত্বরে বা আশপাশে থাকা অন্যান্য ফুটেজ সংগ্রহের কাজ চলছে।”

এদিকে, ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মো. আসলাম হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান ও হামিম শেখ।

কৃষি ব্যাংকের খুলনা অঞ্চলের কর্মকর্তারা জানান, শাখাটিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট শাখাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের কথা ভাবছে ব্যাংক কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, শাখাটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় হলেও রাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। তারা ব্যাংকের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করতে নারাজ পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ব্যাংক উভয়েরই তদন্ত চলছে বলে জানা গেছে।